• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব

অনলাইন ডেস্ক ►প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর আয়োজনের মধ্য দিয়ে সাঙ্গ হচ্ছে এই আনন্দ আয়োজন, বিদায়ের সুর বেজে উঠেছে দেশজুড়ে প্রতিটি মণ্ডপে। শুভ বিজয়া দশমীতে মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাচ্ছেন আনন্দময়ী দেবী দুর্গা।

গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছিল এই শারদীয় উৎসবের। পাঁচ দিনব্যাপী নানাবিধ ধর্মীয় আচার ও আনন্দ-উৎসব শেষে বিসর্জনের আনুষ্ঠানিকতায় সমাপ্তি ঘটছে এ বছরের দুর্গোৎসবের।

এদিকে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যার পূর্বেই বিজয়ার শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

কেন্দ্রীয় আয়োজনের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বের হবে প্রধান বর্ণাঢ্য বিসর্জন শোভাযাত্রা। শোভাযাত্রাটি পলাশী বাজার, জগন্নাথ হলের সামনে দিয়ে দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার অতিক্রম করে বুড়িগঙ্গার ওয়াইজঘাটে গিয়ে শেষ হবে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে দেবীর বিদায় লগ্ন।