অনলাইন ডেস্ক ►
একটি চোট যেন একের পর এক দরজা বন্ধ করে দিচ্ছে জ্যাকব বেথেলের। হাঁটুর পুরোনো সমস্যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে তো ছিটকে গেছেন, এবার আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিচ্ছেন ইংল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার।
আপাতত অস্ত্রোপচার ও পুনর্বাসনে মনোযোগ দিতে চান বেথেল। লক্ষ্য ২০২৭ সালের অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরা। ডান হাঁটুর চোটের কারণে গত জুলাইয়ের পর থেকে মাঠের বাইরে বেথেল। শুরুতে ধারণা করা হয়েছিল, এক মাসের মধ্যেই ফিরতে পারবেন তিনি।
কিন্তু পরে হাঁটুর কার্টিলেজে (তরুণাস্থি) সমস্যা ধরা পড়ে। এ জন্য অস্ত্রোপচারও করাতে হয় তাকে। চলতি মাসে অস্ট্রেলিয়া সফরের সাদা বলের সিরিজ দিয়ে ফেরার পরিকল্পনা থাকলেও হাঁটুতে ব্যথা ও ফোলা দেখা দেওয়ায় তা পিছিয়ে যায়। এবার আরও একটি অস্ত্রোপচার করাতে হবে বেথেলের।
ফলে বড়দিনের সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না তার। বেথেলের অনুপস্থিতিতে এমিলিও গে ও বেন ডাকেটকে ওপেনিংয়ে দেখা যেতে পারে। তিন নম্বরে থাকবেন জর্ডান কক্স। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ছেড়ে দেওয়ায় আগামী মাসের আইপিএল নিলামেও নাম লেখাবেন না বেথেল। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বেথেলকে ছেড়ে দেওয়ার বিষয়ে আরসিবির ক্রিকেট পরিচালক মো ববাত বলেছেন, ‘বেথেলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটি আমাদের জন্য সত্যিই কঠিন ছিল। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। দুর্ভাগ্যবশত, তার হাঁটুর চোট আবার ফিরে এসেছে। এই মুহূর্তে কবে নাগাদ মাঠে ফিরতে পারবে, তার চোটের অবস্থা এবং পুনর্বাসন প্রক্রিয়া কত দিন চলবে, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। ফলে আগামী আইপিএলে তার খেলার বিষয়টিও ঝুঁকির মুখে পড়ে গেছে।’