• মাধুকর প্রতিনিধি
  • এই মাত্র

অবসর নয়, রোনালদোর চোখ ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়া।

অনলাইন ডেস্ক ►
অবসরের ভাবনা এসেছিল। বিশ্বকাপের পর পর্তুগালের জার্সি তুলে রাখার কথাও ভেবেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। শেষ পর্যন্ত অবশ্য সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ৪১ বছর বয়সী এই তারকা। জাতীয় দলের হয়ে আরও কিছুদিন খেলে যেতে চান তিনি। সামনে তার সবচেয়ে বড় ব্যক্তিগত লক্ষ্য—ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়া।

বিশ্বকাপের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে রোনালদো স্বীকার করেছেন, ‘হ্যাঁ, ভেবেছিলাম। আমি সব সময় নিজের সিদ্ধান্ত, ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে ভাবি। তবে এখন আমাকে এখানে দেখছেন, এর মানে হলো আমি চালিয়ে যাব।’ পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচ খেলেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে এখনও অবদান রাখার সামর্থ্য রয়েছে বলে বিশ্বাস তার। শুধু গোল করাই নয়, মাঠের বাইরেও তরুণ প্রজন্মকে সহযোগিতা করতে চান তিনি।

রোনালদো বলেন, জাতীয় দলের প্রয়োজন ফুরিয়ে গেলে তিনিই সবার আগে সরে দাঁড়াবেন। তার ভাষায়, যেদিন দল তাকে আর চাইবে না কিংবা তিনি মনে করবেন যে দলকে আর কিছু দিতে পারছেন না, সেদিনই ব্যাগ গুছিয়ে চলে যাবেন। তবে আপাতত সেই সময় আসেনি। নিজের পারফরম্যান্সের পরিসংখ্যানকেও এর প্রমাণ হিসেবে দেখছেন পর্তুগিজ তারকা। সমালোচকদের নিয়েও খুব একটা ভাবছেন না তিনি। বরং যারা তাকে ভালোবাসেন ও সমর্থন করেন, তাদের দিকেই মনোযোগ রাখতে চান।

রোনালদোর পাশে আছেন পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুসও। আল-নাসরে রোনালদোর সঙ্গে কাজ করা এই কোচ তাকে পর্তুগালের ফুটবলের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। ওয়েলসের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচে রোনালদোকে খেলানোর সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। ওয়েলস ম্যাচটি রোনালদোর জন্য অন্য কারণেও বিশেষ। লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি—যে মাঠে স্পোর্তিংয়ের হয়ে তার পেশাদার ফুটবলজীবনের শুরু। ২০০৩ সালে সেখান থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের পথে যাত্রা করেছিলেন তিনি।

সেই মাঠে জাতীয় দলের জার্সিতে ফিরতে পেরে আবেগাপ্লুত রোনালদো। তার কাছে এটি নিজের ফুটবলজীবনের শুরুর জায়গায় ফিরে আসার মতো। পর্তুগালের জার্সি পরার অনুভূতিও এত বছর পর একই রকম বলে জানিয়েছেন তিনি। তবে আবেগের পাশাপাশি রোনালদোর সামনে রয়েছে আরও বড় একটি লক্ষ্য। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২১ গোল দূরে তিনি। জাতীয় দলের জার্সিতে সেই মাইলফলক ছুঁতে পারলে সেটিকে নিজের ক্যারিয়ারের ‘কেকের ওপর চেরি’ হিসেবে দেখছেন রোনালদো।

‘জাতীয় দলের হয়ে আমার ১,০০০তম গোল করা হবে কেকের ওপর চেরি। এটি হবে একটি সুন্দর গল্পের পরিপূর্ণতা’—বলেছেন তিনি।

অবসরের বদলে তাই আপাতত গোলের হিসাবেই ব্যস্ত রোনালদো। ১,০০০ গোলের সেই মাইলফলক এখন তার ক্যারিয়ারের পরবর্তী বড় অধ্যায়।